এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ খান

সিলেটের সময় ডেস্ক :

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন রাশেদ খান। আজ বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির এই নেতা।

রাশেদ খান বলেন, ‘এ্যানি ভাই কোরবানি দিচ্ছেন সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়নে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়। সাথে প্রটোকল নিয়ে যায়। সেই টাকা কোথায় পায়? সার্জিস আলম নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?’

তিনি আরও বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এই চুক্তি এনসিপি করিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছে। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি উল্লেখ করে রাশেদ খান বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনে ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।

এ বিভাগের অন্যান্য