ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু
সিলেটের সময় ডেস্ক :
বগুড়ার গাবতলীতে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে গাছচাপায় আমিনা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে উপজেলার ভৈরবভোগা দীঘাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আমিনা বেগম ওই গ্রামের মৃত সোয়ায়মান আলীর স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার ওসি রাকিব হাসান।
স্বজনরা জানান, সকাল ৭টার দিকে এলাকায় তীব্র ঝড় ও বৃষ্টি শুরু হলে আমিনা বেগম বাড়ির পাশে একটি গাছের নিচে আম কুড়াতে যান। ঝড়ের প্রবল দাপটে গাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গাছচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
