মাদ্রাসায় শিশুকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার ছাত্রের রিমান্ড
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর রামপুরার বনশ্রীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় সেখানকার জ্যেষ্ঠ ছাত্র মো. শিহাব হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দিয়েছেন।
গতকাল বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে শিহাবকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা, রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আজ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘এমন ঘটনা দেশের জন্য লজ্জাজনক। গতকালও একটা শিশু ধর্ষণের পর হাত, পা কেটে ফেলা হয়েছে। মাদ্রাসায় কয়দিন পর পর এমন ঘটনা ঘটে। ওস্তাদের সেবা করতে হবে। তারা (ওস্তাদ) শুয়ে থাকেন আর ছাত্রদের দিয়ে হাত-পা টেপান। এগুলো করতে করতে তারা (ওস্তাদরা) এক সময় এতে আকৃষ্ট হন এবং বলাৎকারের মতো ঘটনা ঘটে। এগুলো দেশের জন্য, সমাজের জন্য মানহানিকর। শিক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।’
শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত শিহাবের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মো. আব্দুল্লাহ নামের ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়।
জিজ্ঞাসাবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে মাদ্রাসার চার ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এ কারণে মাদ্রাসার পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়।
শিশু আব্দুল্লাহকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মা টুকু আরা খাতুন বুধবার রামপুরা থানায় শিহাব ও নাম না জানা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
