সিলেটে হাম উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৩
সিলেটে হাম উপসর্গ নিয়ে এক দিনে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে আরো ২৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গে মোট ৮ শিশুর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে ৯ মাস বয়সী হুমায়রা সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে সিলেট নগরের জালালাবাদ এলাকার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনকে সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে।
