বড়লেখা ও জুড়ীতে বিপুল পরিমানে জ্বালানি তেল জব্দ

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে মজুতকৃত ১৪’শ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

এদিকে একই সময়ে বড়লেখা উপজেলা প্রশাসনের অভিযানে উপজেলা মোহাম্মদনগর বাজারের নাফিজ ভেরাইটিজ স্টোর থেকে ৭২৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বড়লেখা উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারের নাফিজ ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। এসময় অবৈধভাবে ডিজেল তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে ডিজেল বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ৭২৫ লিটার ডিজেল তেল তার দোকান থেকে জব্দ করা হয়েছে।

জুড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেল মজুদের গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার সমাই বাজারের ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক প্যাকড পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। অভিযানের পূর্বে প্রতিষ্ঠানটি তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও দোকান তল্লাশি করে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল পাওয়া যায়। পরে তা জব্দ করা হয়। এসময় পেট্রোলের সাথে সিদুর মিশিয়ে অকটেন তৈরি করার কাজে ব্যবহৃত ৫০ গ্রাম সিদুর উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও সরকার নির্ধারিত মুল্য থেকে বেশী মুল্যে ডিজেল বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। এজন্য উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাছাড়া জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ইউএনও (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার জানান, ওই দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১৪’শ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য