যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
আন্তর্জাতিক ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
পল কাপুর জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে পল কাপুর বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।’
বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এই মার্কিন কূটনীতিক। তার মতে, ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিদ্যমান এই গভীর সম্পর্ক কেবল দুই দেশের জন্যই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটেও একটি ইতিবাচক বার্তা বহন করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও সুধীজনদের উদ্দেশে পল কাপুর আরও বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত।’
তিনি জোর দিয়ে বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং গণতান্ত্রিক সুশাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বর্তমানে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংকটের মাঝেও বাংলাদেশ যেভাবে নিজের অবস্থান সুসংহত রেখেছে, তা প্রশংসার দাবি রাখে বলে তিনি উল্লেখ করেন।
