সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া ৫টি ওয়াগনের মধ্যে ২টি ওয়াগন উদ্ধার করা হয়েছে।

এদিকে রেলওয়ে ম্যানেজার এ বি এম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের গতি, রেলওয়ে ত্রুটি সহ একাধিক বিষয়কে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে। পাঁচ ওয়াগনে প্রায় দুই লাখ লিটার ডিজেল রয়েছে। এর মধ্যে ২০ থেকে ৩০ ভাগ জ্বালানি তেল  ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে  বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে জ্বালানি ডিজেলবাহী একটি ট্রেন মোট ১৬টি বগি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা নামক স্থানে তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচটি তেলের ওয়াগন রেল লাইন থেকে ছিটকে পড়ে। এ সময় একটি ওয়েল ট্যাংকার রেল সেতু থেকে ছিটকে খালে পড়ে যায়। এতে প্রায় ৫০০ মিটার রেললাইনও দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য