ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এক মাস পেরিয়ে আরো জটিল রূপ নিচ্ছে। এরই মধ্যে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) তিনি হোয়াইট হাউস থেকে এই ভাষণ দেবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরান ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীকে জানাতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে। 

এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হতে পারে। এমনকি ইরানিদের সঙ্গে একটি ‘সম্ভাব্য চুক্তি’ হওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।

তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ভিন্ন বার্তা দিচ্ছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এক মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বরং দুবাই বন্দরে তেলের ট্যাংকারে হামলা এবং পাল্টাপাল্টি ড্রোন হামলায় মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

যুদ্ধের শুরুতেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বর্তমানে দেশটি কেবল তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা ফেরাতে এখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই প্রণালিটি পুনরায় উন্মুক্ত করা। ট্রাম্পের আজকের ভাষণে হরমুজ প্রণালি নিয়ে কোনো বিশেষ ঘোষণা আসে কি না, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ববাজার।

সূত্র : সিএনএন

এ বিভাগের অন্যান্য