ইরানের তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরানের তেল এবং দেশটির বড় তেলকেন্দ্র খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি ইরানের তেল নিয়ে নিতে চাই। কিন্তু আমেরিকায় কিছু লোক বলে-এটা কেন করছি। তারা বোকা।’

খারগ দ্বীপ দখল করা হতে পারেও ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ নেব, হয়তো নেব না। আমাদের অনেক বিকল্প আছে। তবে নিলে কিছুদিন সেখানে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তাদের তেমন কোনো প্রতিরক্ষা নেই। আমরা খুব সহজেই দখল করতে পারব।’

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে নজর দিয়েছে কারণ এটি ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল, যা ইরানের অর্থনীতির লাইফ লাইন। দ্বীপটি দখল করলে শুধু ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না, বরং এখান থেকে ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর সুযোগও পাওয়া যাবে।

বিবিসির সিকিউরিটি ব্রিফের নিরাপত্তা বিশ্লেষক মিকি কে বলেন, দ্বীপটি দখল করলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান একটি আয়ের উৎস বিচ্ছিন্ন হয়ে যাবে, যা তাদের যুদ্ধ চালানোর ক্ষমতাকেও প্রভাবিত করবে।

স্কুল অব ওয়ার পডকাস্টের উপস্থাপক এবং সিবিএস- এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলেন, দ্বীপটি দখলের জন্য যেকোনো মার্কিন অভিযান তুলনামূলকভাবে ছোট হবে, কিন্তু এটি হবে চ্যালেঞ্জিং।

এদিকে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, কারণ পরিস্থিতি আরও খারাপ হলে মার্কিন বাহিনীর ওপর হামলার আশঙ্কা আছে।

ট্রাম্প বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে দ্রুত যুদ্ধবিরতি হবে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, ‘একটি চুক্তি দ্রুতই হতে পারে।’

এ বিভাগের অন্যান্য