ভারতের নীতি-কৌশল-শক্তি দেখে অনেক দেশই বিস্মিত, দাবি মোদির
আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারতের নীতি, কৌশল ও শক্তি দেখে অনেক দেশই বিস্মিত হচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি।
একইসঙ্গে ভারত নিজের স্বার্থ, শান্তি ও সংলাপের পথেই এগোচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “২৮ ফেব্রুয়ারির পর বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেও ভারত স্থিতিশীলতা বজায় রেখে এগিয়ে চলেছে। অনেক দেশ ভারতের নীতি ও কৌশল এবং শক্তি দেখে বিস্মিত হচ্ছে।”
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার টিভি৯ নেটওয়ার্ক সামিটে দেওয়া বক্তব্যে মোদি বলেন, কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও ভারত উন্নয়ন, অগ্রগতি ও আস্থার পথে এগিয়ে যাচ্ছে। গত ২৩ দিনে ভারত সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সংকট মোকাবিলার সক্ষমতা দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।
বিশ্ব যখন বিভিন্ন শক্তির ব্লকে বিভক্ত, তখন ভারত বিভিন্ন দেশের সঙ্গে বিস্তৃত ও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলেছে বলে দাবি করেন মোদি। তিনি বলেন, “অনেকে জানতে চান, আমরা কার পক্ষে? আমার উত্তর— আমরা ভারতের পক্ষে, ভারতের স্বার্থের পক্ষে এবং শান্তি ও সংলাপের পক্ষে।”
একই বক্তব্যে তিনি বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করেন। মোদি বলেন, কংগ্রেস সরকার দেশের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতেই বেশি মনোযোগী ছিল। তিনি অভিযোগ করেন, ইউপিএ সরকারের সময় জারি করা ‘অয়েল বন্ড’-এর কারণে ভবিষ্যৎ প্রজন্মের ওপর বড় আর্থিক বোঝা চাপানো হয়েছে।
তার দাবি, ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে জ্বালানির দাম সংকটের মধ্যে কংগ্রেস সরকার প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি রুপির অয়েল বন্ড ইস্যু করে। পরে সুদসহ এই দায় বেড়ে ৩ লাখ কোটি রুপির বেশি হয়েছে। গত কয়েক বছরে তার সরকার সেই দায় পরিশোধে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
মোদি বলেন, করোনা মহামারীর পর থেকে একের পর এক বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ভারত। তবে দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে।
মোদি বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার মধ্যেও ভারত বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উদাহরণ তৈরি করেছে। জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে নাগরিকদের ওপর চাপ কমাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি বলেন, “গালফ অঞ্চল থেকে শুরু করে গ্লোবাল ওয়েস্ট, গ্লোবাল সাউথ কিংবা প্রতিবেশী দেশ- সব জায়গাতেই ভারত একটি বিশ্বাসযোগ্য অংশীদার হয়ে উঠেছে।” সূত্র: এনডিটিভি
