নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেপ্তার ২

সিলেটের সময় ডেস্ক :

 

চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পিতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির পিতা এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করেন। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিআইডি) সাব ইন্সপেক্টর আশরাফ বিশ্বাসের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জীবননগর পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামের পিতা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়। এসময় শিশু সিয়ামকেও উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপণ হিসেবে বিকাশে দেওয়া ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং একটি ধারালো হাসুয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিয়ামের মা ভারতে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে তার গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানিয়েছেন, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য