ভাই হত্যা : মৌলভীবাজারের হানিফ কুমিল্লা থেকে গ্রেপ্তার
সিলেটের সময় ডেস্ক :
মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে কুমিল্লা সদর কোতোয়ালী থানাধীন সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গত ১১ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ফাটাবিল এলাকায় সরকারি রাস্তার ব্রিজের উপর তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে তামিম মিয়া (১৮) কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত তামিম মিয়া একই এলাকার বাসিন্দা শাহেদ আলীর ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, নিহত তামিম মিয়া তার ভাই হানিফ মিয়ার ছেলে সাইদুলকে (১০) শাসন করা (থাপ্পড়) নিয়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হানিফ মিয়া ঘটনাস্থলে এসে তামিম মিয়ার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে গলার নিচে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক হানিফ মিয়া হত্যকাণ্ডে ব্যবহৃত চাকুটি ব্রিজের নিচে ফেলে দিয়ে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার (২৩) বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২/৬৩, ১১/০৩/২০২৬)।
ঘটনার সংবাদ প্রাপ্তির পরই পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ একটি বিশেষ টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হানিফ মিয়া ঘটনার দায় স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে।
