বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

 

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি-র নৌ শাখা। ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর ৪৯তম পর্যায়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনটি ভিন্ন ফরমেশনে ভাগ হয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো এই হামলা চালায়। বিশেষ করে আল-ধাহাফরা বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট রাডার সিস্টেম, কন্ট্রোল টাওয়ার এবং বিমান বিধ্বংসী হ্যাঙ্গার লক্ষ্য করে নিখুঁতভাবে বিস্ফোরক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে শেখ ঈসা বিমান ঘাঁটির আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার, জ্বালানি তেলের ট্যাঙ্ক এবং কেন্দ্রীয় র‍্যাম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। এছাড়া আল-উদেইরি হেলিকপ্টার ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান, যার ফলে সেখানকার সামরিক সরঞ্জামের ডিপো এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলো বিধ্বস্ত হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এই অভিযানের সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়েছে এবং অনেক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে এই হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেছে আইআরজিসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, শত্রু রাষ্ট্র বা তাদের মিত্রদের কোনো তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না এবং যেকোনো ধরনের চলাচল লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

সূত্র: ডব্লিএএনএ

এ বিভাগের অন্যান্য