ইরানে ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :

 

মার্কিন-ইসরায়েলি হামলার মুখে থাকা ইরান জানিয়েছে, তারা ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম ফের চালু করবে। ঘোষণা অনুযায়ী, তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী দপ্তরে রবিবার থেকে ২০ শতাংশ কর্মী সরাসরি কর্মস্থলে থেকে কাজ করবেন।

ঘোষণায় আরও বলা হয়েছে, প্রদেশের সব নারী কর্মী ভার্চুয়ালি কাজ করবেন। কিছু ব্যাংক খোলা থাকবে। সেবা প্রদানকারী সংস্থার অপারেশনাল ইউনিট, পৌরসভা, চিকিৎসা কেন্দ্র এবং সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

তেহরান প্রদেশের ব্যবস্থাপনা পর্যায়ের সব কর্মকর্তাদের বাসা থেকে কাজের সুযোগ থাকবে না; তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

এদিকে, বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার অভিযোগে এক ইরানি এবং তিনজন দ্বৈত ব্রিটিশ-ইরানিকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

বিবিসি জানিয়েছে, লন্ডনে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ও ব্যক্তির ওপর সম্ভাব্য নজরদারি অভিযোগের সঙ্গে তদন্তটি সম্পর্কিত। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ ও ৫৫ বছর বয়সি দুজনকে বার্নেটে, ৫২ বছর বয়সি একজনকে ওয়াটফোর্ডে এবং ২২ বছর বয়সি একজনকে হাররো থেকে আটক করা হয়েছে।

এছাড়া হাররো থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ২৯, ৩৯, ৪২, ৪৯ এবং দুজনের বয়স ২০ বছর। তাদের বিরুদ্ধে অপরাধে সহায়তা করার সন্দেহ করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য