প্রসঙ্গ এম সাইফুর রহমান অডিটোরিয়াম

বশির আহমদ জুয়েল

সিলেটের প্রধান সাংস্কৃতিক কেন্দ্রটির নাম পরিবর্তন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। একসময় ‘সিলেট অডিটোরিয়াম’ নামে পরিচিত এই স্থাপনাটি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সংস্কারের পর তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমান–এর নামে নামকরণ করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার নতুন সিদ্ধান্ত নিয়ে এর নাম দেয় ‘কবি নজরুল অডিটোরিয়াম’—যেখানে সম্মানিত করা হয় আমাদের জাতীয় কবি।

নাম পরিবর্তনের ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অডিটোরিয়ামের পুনঃনামকরণের নির্দেশনা দিয়েছেন।

একটি সাংস্কৃতিক স্থাপনার নাম নিয়ে রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়। তবুও বিষয়টি নিয়ে যুক্তিযুক্ত ও পরিমিত মূল্যায়ন প্রয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর নামে দেশে-বিদেশে অসংখ্য প্রতিষ্ঠান, সড়ক, বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে—যা তাঁর জাতীয় মর্যাদা ও সাংস্কৃতিক অবদানের যথার্থ প্রতিফলন। সেই দৃষ্টিকোণ থেকে একটি আঞ্চলিক অডিটোরিয়াম তাঁর নামেই থাকা বাধ্যতামূলক—এমন নয়।

অপরদিকে, সিলেট ও জাতীয় অর্থনীতির উন্নয়নে এম সাইফুর রহমান–এর অবদান নিয়ে দলমতের ভেদাভেদ থাকলেও বাস্তবতা হলো—তিনি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো আধুনিকীকরণের অন্যতম স্থপতি। সিলেটের উন্নয়ন, অবকাঠামো, নগর পরিকল্পনা ও আন্তর্জাতিক সংযোগ জোরদারে তাঁর ভূমিকা আজও স্বীকৃত। এমন ব্যক্তির নামে সিলেটের একটি প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান থাকা—একে দলীয় তকমা নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেওয়া সম্মান হিসেবে দেখা যেতে পারে। তা ছাড়া কারো নাম পরিবর্তন করে এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামকরণ করা হয় নি।

একটি নাম পরিবর্তন বহু সময়েই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতীকী লড়াই হয়ে দাঁড়ায়। কিন্তু আদর্শিক পরিপক্বতা হলো—যে ব্যক্তি সত্যিকার অর্থে অঞ্চল ও দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন, তাঁকে দলমতের ঊর্ধ্বে মূল্যায়ন করা। সেই বিবেচনায় পুনঃনামকরণের সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি।

আমি প্রত্যাশা করি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নাম রাজনৈতিক পালাবদলের যাতাকলে না ফেলে ঐতিহাসিক অবদান, জনস্বীকৃতি ও সাংস্কৃতিক প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই একটি পরিণত গণতান্ত্রিক প্রক্রিয়া। জয় হোক সুস্থ মস্তিষ্কের, জয় হোক মানবতার, জয় হোক সংস্কৃতির, জয় হোক৷ জনতার। জয় বাংলা।।

এ বিভাগের অন্যান্য