ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৫
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের মা বাদি হয়ে মাধবদী থানায় এ মামলা দায়ের করেন।
একই রাতে জেলা পুলিশ ও র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযানে মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, কোতালীরচর এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মো. এবাদুল্লাহ (৪০), একই এলাকার মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০), মাধবদী হোসেন বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) ও তাঁর ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)।
এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়ন-এর কোতালিরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমেনা আক্তার (১৫) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা।
গত বুধবার রাত ৯টার দিকে ভুক্তভোগীকে নিয়ে তার খালার বাড়ি যাচ্ছিলেন তার বাবা।
ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
তিনি আরো বলেন, ‘অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমিনার পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন।’
এ ছাড়া জেলা জামায়াতে ইসলামী সভাপতি মোসলেহ উদ্দীন ও সাধারন সম্পাদক আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদী জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন জনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ, শোক ও নিন্দা জানিয়েছেন। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানান তারা।
