বগুড়া-৬ আসনে ৪১ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

সিলেটের সময় ডেস্ক :

 

বগুড়া-৬ (সদর) আসনে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট।

অন্যদিকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। অর্থাৎ ৪১ কেন্দ্র শেষে ধানের শীষের প্রার্থী ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলের চিত্র
এখন পর্যন্ত পাওয়া তথ্যে বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ২ হাজার ১৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৮৪৯ ভোট।

এছাড়া মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৯৫১ ও আবিদুর রহমান ১ হাজার ৯৯ ভোট পেয়েছেন। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ এবং আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন।
 

অন্যান্য কেন্দ্রের মধ্যে সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ৭০ (দাঁড়িপাল্লা ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ (দাঁড়িপাল্লা ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ (দাঁড়িপাল্লা ৬৬০) এবং সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৫৪১ ভোট (দাঁড়িপাল্লা ৭৬৫) পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদরাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির এই প্রার্থী।

 

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েক শ’র মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এর আগে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটা থেকে গণনা শুরু হয়। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার অপেক্ষায় রয়েছে। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা লক্ষ করা গেছে।

এ বিভাগের অন্যান্য