কুমিল্লায় মুন্সীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

সিলেটের সময় ডেস্ক :

 

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও দলের নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে ডেকে সতর্ক করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির সিনিয়র সিভিল জজ তাফরিমা তাবাসুম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আদালতে স্বশরীরে হাজির হয়ে বিচারকের সামনে ব্যাখ্যা দেন তিনি। শুনানি শেষে আদালত তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ ওঠে, ভিডিওতে তিনি ভোটারদের পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় পদসহ সকল সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নজরে আসার পর জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের প্রেক্ষিতে তিনি আজ দুপুরে আদালতে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে তিনি আদালতে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করেছেন। আদালত তার বক্তব্য শুনে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য