টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট
টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে ধানের চারা রোপণ করতে আনা দুই শ্রমিকের বিরুদ্ধে। এ সময় ঘরের ভেতর থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনার পর থেকে ওই শ্রমিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতরা হলেন— ওই গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।
মৃত ব্যক্তিদের নাতি শাকিল সিকদার বলেন, গত রবিবার কৃষিজমিতে ধানের চারা রোপণ করার জন্য শরিফ ও সুমন নামের দুজন শ্রমিক আনা হয়। আমার দাদার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল।
হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দুইজন অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবি করছি।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একেএম মামুনুর রশিদ বলেন, ধানের চারা রোপণের জন্য দুইজন শ্রমিক আনা হয়েছিল। ভোর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এই বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনায় অজ্ঞাত দুজন শ্রমিককে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
