এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিশেষ করে যুবকদের কথা দিয়েছি, আল্লাহ আমাদের তৌফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দেব এবং আমরা পেছন থেকে তোমাদের শক্তি, সাহস, সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব। ইনশাআল্লাহ তোমরা তৈরি হও।
শনিবার (২৪ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবেন। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে, কাজ তারা শুরু করেছে এবং সেই কাজ তারা শেষ করবে, অব্যাহত রাখবে।
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমরা কোনো প্রকার চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি কিংবা মামলা দিয়ে মানুষকে হয়রানি করিনি।
তিনি জানান, জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করতেই ১০টি দল একত্রিত হয়েছে। রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের ৩০০ আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও অন্যায়ের কাছে মাথা নত করা হবে না এবং দেশের এক ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক রাখা হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
