ইরানের নারীদের পাশে দাঁড়ালেন নোবেলজয়ী মালালা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নারী ও কিশোরীদের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, ‘ইরানের মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায়।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এ তথ্য জানান তিনি।

মালালা বলেছেন, ‘অর্থনৈতিক দুরবস্তার কারণে শুরু হওয়া ইরানের বিক্ষোভকে নারীদের ওপর দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত বিধিনিষেধ থেকেও আলাদা করে দেখা যায় না।’

ইরানের মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই বিক্ষোভে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপের প্রতিফলনও রয়েছে।’

মালালা বলেন, ‘দশকের পর দশক ধরে ইরানের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। নারীদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণেরই অংশ। যা পৃথক করার মাধ্যমে, নজরদারির মাধ্যমে ও শাস্তির মাধ্যমে কার্যকর করা হয়।’

ইরানের নারীদের নেতৃত্বের বিষয়ে তিনি আরও বলছেন, ‘ইরানের নারীরা চাইছেন- তাদের কথা শোনা হোক ও তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাক। বাইরের কোনো শত্রু বা দমনমূলক শাসক নয় সেই ভবিষ্যৎ গড়ে উঠতে হবে ইরানের নারীদের নেতৃত্বের মাধ্যমে।’

ওই পোস্টের শেষে তিনি বলেন, ‘আমি ইরানের মানুষ ও মেয়েদের স্বাধীনতা-মর্যাদার দাবির সমর্থনে তাদের পাশে রয়েছি। তারা নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে।’

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইসআরএনএ) দাবি করেছে, সোমবার রাত পর্যন্ত তারা ৬৪৬ জনের মৃত্যুর খবর পেয়েছে। এর মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী, ১১৩ জন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া সাধারণ ব্যক্তি রয়েছেন সাতজন।

সংস্থাটি আরও জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য