ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত নির্বাচন নয় : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। ভেনেজুয়েলার দায়িত্বে আমি আছি।
সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। নির্বাচন করা যাবে না।
তবে কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এক শব্দে বলেন, ‘আমি।’
এদিকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে মাদুরো মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক ফেডারেল অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, তিনিই এখনো তার দেশের নেতা। মাদুরো আটক হওয়ার পর সোমবারই ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করানো হয়।
ট্রাম্প জানান, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন। তবে মাদুরো আটক হওয়ার আগে তার সহযোগীদের সঙ্গে মার্কিন পক্ষের কোনো যোগাযোগ ছিল—এমন দাবি তিনি নাকচ করেন।
মাদুরোকে সরাতে ভেনেজুয়েলার কোনো কর্মকর্তার সঙ্গে চুক্তি হয়েছিল কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অনেকেই চুক্তি করতে চেয়েছিল, কিন্তু আমরা এই পথটাই বেছে নিয়েছি।’
তিনি বলেন, রদ্রিগেজের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন কি না, তা তিনি বলতে চান না। তবে তিনি উল্লেখ করেন, মার্কো রুবিও স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে তার সঙ্গে কথা বলেন এবং তাদের সম্পর্ক খুবই দৃঢ়।
