খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন করে অবনতি হয়নি। তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিক্যাল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি।
আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, তার (খালেদা জিয়া) চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এ রকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন তিনি।
এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এ বছর বিজয় দিবস উপলক্ষে মশাল প্রজালন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। ডিসেম্বরের ১৬ তারিখে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির ১৫ দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়েছেন রিজভী।
তবে পূর্বঘোষিত রোড শো কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রবিবার থেকে হাসপাতালেই আছেন তিনি।
