রংপুরে স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি কর্মী আটক
রংপুরে এক স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকির দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার রাত আটটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–সংলগ্ন পার্কের মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই দুজনকে ছাড়াতে নগরের তাজহাট থানায় যান এনসিপির নেতারা।
তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা একটা পিস্তল রিকভার (উদ্ধার) করেছি।
গ্রেপ্তার দুজন হলেন এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির রাগিব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)। রাকিবুল রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা মামলার ১ নম্বর আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সন্ধ্যা আটটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–সংলগ্ন পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে দুই স্কুলছাত্রের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় এক পক্ষের হয়ে রাগিব ও তুষার ঘটনাস্থলে আসেন।এ সময় রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকানোর পর এ দৃশ্য দেখে উত্তেজিত ছাত্র-জনতা তাদের ঘিরে ফেলে ও মারধর করে পুলিশে দেয়।
ওই ঘটনার পর এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরীসহ অন্য নেতারা থানা ও আশপাশে অবস্থান নেন। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে গিয়ে দুই যুবককে ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেন।
