ভেনেজুয়েলায় সামরিক অভিযানের সিদ্ধান্ত চূড়ান্ত : ট্রাম্প

সিলেটের সময় ডেস্ক :

 

ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান বা নীতিগত পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তিনি প্রকাশ করতে চাননি। খবর সিএনএন ও আনাদোলুর।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলতে পারব না, কিন্তু হ্যাঁ, আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

মাদকদ্রব্য প্রবাহ নিয়ন্ত্রণে ভেনিজুয়েলার সঙ্গে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি।’ 

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানে ভালো অগ্রগতি হয়েছে, তবে প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কলম্বিয়ার পরিস্থিতি এখনও উদ্বেগের জায়গায় রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের মেক্সিকোতে সমস্যা আছে, আমাদের কলম্বিয়াতে সমস্যা আছে। তবে আমরা খুব ভালো করছি।

বুঝতেই পারছেন, আমাদের দেশে মাদকের প্রবাহ এখন অনেকটাই কমে এসেছে।’ 

গত দুই মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে দাবি করা ন্যূনতম ২১টি নৌযানে হামলা চালিয়েছে। তবে এসব নৌযান সত্যিই মাদক পরিবহনে জড়িত ছিল কি না তা প্রমাণ করতে পারেনি। এসব অভিযানে অন্তত ৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে ভেনিজুয়েলা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সেনাবাহিনী ও অসামরিক মিলিশিয়াদের মোতায়েন বাড়িয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্র ‘নার্কো-টেররিস্টদের’ দমন করতে নতুন সামরিক মিশন ‘অপারেশন সাদার্ন স্পিয়ার’ শুরু করছে।

তিনি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিযানের নির্দেশ দিয়েছেন এবং প্রতিরক্ষা দপ্তর তা বাস্তবায়ন করছে।

সিএনএনের খবরে জানা যায়, এই সপ্তাহে শীর্ষ সামরিক কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্পকে ভেনিজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। এর মধ্যে স্থলভাগে হামলার বিষয়ও রয়েছে।

 

এরই মধ্যে যুক্তরাষ্ট্র অন্তত এক ডজন যুদ্ধজাহাজ এবং প্রায় ১৫,০০০ সৈন্য অঞ্চলটিতে মোতায়েন করেছে, যা ‘অপারেশন সাদার্ন স্পিয়ার’-এর অংশ হিসেবে বিবেচিত।

সব মিলিয়ে, ভেনিজুয়েলাকে ঘিরে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত নতুন ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

এ বিভাগের অন্যান্য