লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম চলছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।
এদিকে ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের। এ ছাড়া পানির নিচে কেউ ডুবে আছেন কি না, তা-ও নিশ্চিত বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
