শত শত বছরের নিদ্রা ভেঙে জেগে উঠল আগ্নেয়গিরি
আন্তর্জাতিক ডেস্ক ঃ
রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি শত শত বছর পর প্রথমবারের মতো রবিবার ভোরে জেগে উঠেছে। কয়েকদিন আগেই অঞ্চলটিতে একটি ৮.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ক্রোনোৎসকি রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরিটি ছয় কিলোমিটার (৩.৭ মাইল) উচ্চতায় আকাশে ছাই উৎক্ষেপণ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগ্নেয়গিরির ওপর দিয়ে ঘন ছাইয়ের মেঘ আকাশে উঠছে।
কামচাটকার জরুরি সেবা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, ‘ছাইয়ের মেঘ আগ্নেয়গিরি থেকে পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। যদিও এই পথে কোনো বসতিপূর্ণ এলাকা নেই। এখনো পর্যন্ত জনবসতিতে ছাই পড়ার কোনো তথ্য নেই।’
এই অগ্ন্যুৎপাতের সময় ৭.০ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় এবং তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কিছু সময় পর রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় সেই সতর্কতা তুলে নেয়।
এটি ওই অঞ্চলের জন্য এক ঐতিহাসিক ঘটনা, কারণ বিজ্ঞানীদের মতে ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি শত শত বছর ধরে নিস্ক্রিয় ছিল।
কামচাটকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গিরিনা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছেন, ‘৬০০ বছরের মধ্যে এটিই প্রথম ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া ক্র্যাশেনিনিকভ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।’
আর্টেম শেল্ডারের ধারণ করা এই আকাশচিত্রে ধরা পড়েছে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আগ্নেয় বলয়ের অন্তর্গত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বিস্ময়কর দৃশ্য, যা পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি আঞ্চলিক কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।
