ভারতে পালানোর সময় বাগেরহাটের শ্রমিকলীগ নেতা আটক
সিলেটের সময় ডেস্ক :
বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিকলীগ নেতা খান মনির হোসেন মনিকে (৫৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন খান মনির হোসেন মনি। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার ডাটাবেজ যাচাইয়ের পর অনলাইনে তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার নামে বাগেরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। এই দুই মামলায় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়। পরে সেখান থেকে তাকে বাগেরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
উল্লেখ্য, আটক খান মনির হোসেন মনি বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বাগেরহাট জেলা সদরের নগরবাজার গ্রামের মোসলেম আলী খানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘বাগেরহাট জেলা শ্রমিকলীগের এক নেতাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে দুটি মামলা থাকায় তাকে আজ বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
