সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফ্রান্স: ম্যাক্রন
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রন এই ঘোষণা দেন।
এক্স পোস্টে তিনি লিখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা। শান্তি সম্ভব, আমাদের এই মুহূর্তেই একটি যুদ্ধবিরতি প্রয়োজন, সব বন্দীর মুক্তি এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’
হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট লিখেন, ‘গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণ করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে।’
আল জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার বিষয়েও দৃঢ় বার্তা দেন ম্যাক্রন। বলেন, ‘ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটিকে সক্ষম করতে হবে। ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদার- সবার প্রমাণ করা দরকার যে- শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।’
প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা ফিলিস্তিনি প্রেসিডেন্টকে (মাহমুদ আব্বাস) জানিয়েছেন বলেও উল্লেখ করেন ম্যাক্রন। তিনি বলেন, ‘আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। এখন আমাদের বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার দরকার।’
