তিলক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত কঙ্কাল, মাথার খুলি ও নারীর পোশাক

সিলেটের সময় ডেস্ক :

 

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকায় তিলক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর কঙ্কাল, পোশাক, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে বয়রা গ্রামের বর্গাচাষি সাখাওয়াত হোসেনসহ শ্রমিকরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গপ্রত্যঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।

 

বিষয়টি লোহাগড়া পুলিশকে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ। তবে কত দিন আগে তিলক্ষেতে কে বা কারা মরদেহ বা কঙ্কালটি ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ।

 

মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য