ইরানে মার্কিন হামলার কঠোর সমালোচনা করে যা বলল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে গতকাল রবিবার হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এসব স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এমন হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা এবং আঞ্চলিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে মনে করে দেশটি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় জেরুজালেমের (ইসরায়েলের) ‘‘একের পর এক যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণের’’ কারণে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দায়ী।’

নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন মুখপাত্র বলেছেন, ‘(উত্তর কোরিয়া) ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানায়। যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা এবং প্রত্যাখ্যানের আওয়াজ তোলা।’

ইরান এবং পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিসহ কয়েক দশক ধরে সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে দেশ দুইটির। ২০২১ সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি বিশেষজ্ঞ প্যানেল (এখন বিলুপ্ত) বলেছিল, ইরান ও উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ স্থানান্তরসহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে পুনরায় সহযোগিতা শুরু করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিত পান্ডা বলেন, ‘ইরানের প্রায় শেষ হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে সহায়তা করার ক্ষেত্রে পিয়ংইয়ং (উত্তর কোরিয়া) গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে।’

মার্কিন, ইউক্রেনীয় এবং অন্যান্য গোয়েন্দা সূত্রের মতে, উত্তর কোরিয়া গত বছর ইরানের আরেক অংশীদার রাশিয়াকে সামরিক সহায়তা আরও ব্যাপক করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে। হাজার হাজার সৈন্য দিয়ে সহায়তার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহারের জন্য পাঠিয়েছে দেশটি।

এ বিভাগের অন্যান্য