ভারতে হজ যাত্রীবাহী উড়োজাহাজের চাকায় ত্রুটি, দেখা গেছে ধোঁয়া ও স্ফুলিঙ্গ
আন্তর্জাতিক ডেস্ক ঃ
২৫০ জন হজযাত্রী নিয়ে জেদ্দা থেকে আসার পর ভারতে ভয়াবহ কারিগরি ত্রুটির মুখে পড়েছে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। রোববার ভোরে লখনউর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানের চাকার অংশে ধোঁয়া এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, যা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি, যার ফ্লাইট নম্বর ছিল এসভি-৩১১২, শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা শহর থেকে রওনা দেয় এবং রোববার সকাল ৬টা ৩০ মিনিটে লখনউতে পৌঁছায়। অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম পাশের চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের ঝলক দেখা যায়, যা যান্ত্রিক সমস্যার ইঙ্গিত দেয়।
বিমানবন্দরের জরুরি সাড়া টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফেনা ও পানি ব্যবহার করে মাত্র ২০ মিনিটের মধ্যে আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।
পরবর্তী তদন্তে জানা যায়, হঠাৎ করে হাইড্রলিক তরলপদার্থ (হাইড্রলিক ফ্লুইড) লিক করে পড়ে, যা চাকার অ্যাসেম্বলিতে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে এবং এর ফলে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখা যায়।
