ভারতে হাজার ফুট নিচে নদীতে পড়ল পর্যটকবাহী গাড়ি, নিখোঁজ ৯
ভারতের উত্তর সিকিমে পর্যটকবাহী একটি গাড়ি এক হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গেছে। গাড়িটিতে ১০ জন পর্যটক ও একজন চালক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিকিমের চুংথাং-মুনশিথাং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চালকসহ ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি গুরুদুম্বার লেক থেকে নিচে নেমে আসছিল।
উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে আবহাওয়া খারাপ। সিকিমেও প্রবল বৃষ্টি চলছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংসহ উত্তরের একাধিক জেলায়। সিকিমও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণও করা হচ্ছিল। তার মাঝেই এই দুর্ঘটনা ঘটল।
