বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তানজিম বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা সংগঠক তানজিম আলম তাসিনকে বহিষ্কার করা হয়েছে। হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার মুখ্য সংগঠক রিফাত হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনা বিষয়ক একটি কল রেকর্ডের পরিপ্রেক্ষিতে জেলার সংগঠক তানজিম আলম তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। এর বাইরে আপাতত কিছু বলার নেই।
উল্লেখ্য, সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির লক্ষ্যে গত বছরের ২৪ নভেম্বর রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ১৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে কারমাইকেল কলেজ শিক্ষার্থী ইমরান আহমেদকে আহ্বায়ক এবং রংপুর মেডিক্যাল কলেজের ডা. আসফাক আহমেদকে সদস্যসচিব করা হয়।
