শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান জানাল ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে, ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জয়সওয়াল বলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে শুক্রবার বিকেল ৫টায় সাউথ ব্লকে তলব করা হয়েছে। এটা জানানো হয়েছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে।
তিনি বলেন, তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে। যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।
তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে যেখানে ভারতের কোনো ভূমিকা নেই।
