আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেনকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামাল জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মৃত. ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ সভাপতি।
এর আগে গত ২৫ আগস্ট চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন। যা এখনো তদন্তাধীন আছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ. ম কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।
