ফরিদপুরে ছিনতাই : পুলিশ সদস্যসহ ২ জন আটক
ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে মো. মামুন শেখ (৩২) নামে এক কনস্টেবলসহ দুজনকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটকের সময় ওই পুলিশ কনস্টেবল সিভিল পোশাকে থাকলেও তার কাছ থেকে একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত অন্যব্য্যক্তি পৌর শহরের আলিপুর এলাকার বাসিন্দা আরাফাত রহমান আগুন (২৮)।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান।
থানা সূত্রে জানা যায়, আটককৃত পুলিশ কনস্টেবল মামুন শেখকে গত ১৫ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানা থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বাইপাস সড়ক এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আটকে রেখেছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এ সময় একজোড়া হ্যান্ডকাপসহ সিভিল পোশাকে এক পুলিশ সদস্য ও তার সঙ্গে আরো এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
