কমলের পরিবারকে রানা বলেন, শয়তানে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বন্ধু ডেকে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর পুকুরে ভেসে উঠেছে মমিনুল হাসান কমল (২৬) নামের এক যুবকের মরদেহ। সোমবার (৭ অক্টোবর) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, বন্ধুই পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুকুরে ফেলেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মমিনুল হাসান কমল (২৬) একজন পোলট্রি ব্যবসায়ী।
কমলের ভাই কাউছার জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে কমলকে ডেকে নিয়ে যায় রানা। প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টায় রানা এসে তার বাবাকে জানায়, কমলকে শয়তানে হত্যা করে মাঝিয়াকান্দি গ্রামের আব্দুস ছালামের পুকুরে ফেলে রেখে গেছে। কমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক।
