ধর্ষণ ও হত্যার বিচার দাবির সময়েই পশ্চিমবঙ্গে নারীর ওপর হামলা
আন্তর্জাতিক ডেস্ক ঃ
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গে আবারও হামলার শিকার হয়েছেন এক ছাত্রী ও তার মা। দুজনই এখন হাসপাতালে ভর্তি আছে। এ ছাড়া শ্লীলতাহানির ঘটনা ঘটেছে একাধিক এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কলকাতার বেলঘরিয়ায় ছাত্রী ও তার মা-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে একাদশ শ্রেণির এক ছাত্র।
এর পাশাপাশি বারাসতে দুই নারীর প্রতি কুমন্তব্য ও পরে মারধর করে এক যুবক। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যাদবপুরে যখন রাত দখলের কর্মসূচি চলছিল, তখন এক নারীর শ্লীলতাহানির শিকার হন। মধ্যমগ্রামেও এক শিশুও শ্লীলতাহানির শিকার হয়েছে।
জানা গেছে, বেলঘরিয়ার মেয়েটির হামলাকারী ছেলের প্রেমের প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ করেছে। সেই প্রতিশোধ নিতে হামলা চালায় ছেলেটি। বুধবার দুপুরে মেয়েটি যখন তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল, তখন প্রফুল্ল নগরের রাস্তায় ছেলেটি এসে মেয়েটিকে কোপ মারতে থাকে।
এতে তার মাথা ও ঘাড়ে আঘাত লাগে। তার মা-কেও কোপানো হয়। মা-মেয়েকে বাঁচাতে গিয়ে দুই প্রত্যক্ষদর্শীও আহত হন।
স্থানীয়রা ছেলেটিকে ধরে পিটুনি দেয়। তারপর পুলিশ এসে তাকে নিয়ে যায়। মেয়েটি ও তার মা-কে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর প্রবল বিক্ষোভ দেখা দেয়। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয় মানুষ। শাসকদলের এক নেতা গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
মেয়েটির পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে নিয়ে মা বাড়ি ফিরছিলেন। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ভূগর্ভস্থ পথ দিয়ে ফেরার সময় কিশোরটি তাদের আক্রমণ করে।
মেয়েটির দুইটি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর সে বাড়ির মানুষের সঙ্গে কথা বলেছে। হামলাকারীও এখন হাসপাতালে। সেখানে পুলিশ প্রহরায় তাকে রাখা হয়েছে।
অন্যদিকে বুধবার মাঝরাতে যাদবপুরে বিক্ষোভের সময় এক ব্যক্তি নারীদের সঙ্গে আপত্তিকর আচরণ করে৷ ওই ব্যক্তি এক নারীর শ্লীলতাহানিও চেষ্টাও করে। আন্দেলনরতরা তাকে ধরলে পুলিশ এসে তাকে নিয়ে দ্রুত উল্টো পথে থানায় চলে যায়৷ পুলিশ এভাবে তাকে বাঁচাবার চেষ্টা করে বলে অভিযোগ করেন প্রতিবাদীরা।
অভিনেত্রী সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী এবং চলচ্চিত্র পরিচালক বিরসা দাশগুপ্তরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। তারা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। যে নারীর শ্লীলতাহানির চেষ্টা হয়েছিল, তাকেও থানায় আনা হয়। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
এ ছাড়া উত্তরবঙ্গের মাথাভাঙায় রাত দখল কর্মসূচি চলছিল। সেখানে হামলা হয়। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হয় আন্দোলনকারীদের। চুন দিয়ে মুছে দেওয়া হয় রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।
এই ঘটনার ছবি প্রকাশ্যে এলেও ঘটনায় দলীয়-যোগ অস্বীকার করে তৃণমূল। রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি, রাস্তায় প্রতিবাদ-আলপনা আঁকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ সামাল দিতেই ঘটনাস্থলে যান তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজি ৎ রায়।পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
