বহিষ্কারের পর ত্রাণ ভাণ্ডারের ১০ লাখ টাকাও ফিরিয়ে দিল বিএনপি

সিলেটের সময় ডেস্ক :

 

ময়মনসিংহ দক্ষিণ জেলা ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিকে বাচ্চুকে বহিষ্কারের খবর কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির জানা ছিল না। এ কারণে দলটির ত্রাণ তহবিলে তার দেয়া দশ লাখ টাকা জমা নেয়া হয়।

 

পরে বাচ্চুর বহিষ্কারের সংবাদ জানার পর থেকে তার জমাকৃত দশ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, ক্ষমতার পালাবদলের পর শিল্পাঞ্চল এলাকা হিসেবে পরিচিত ভালুকায় একটি পক্ষ  জুট ও শ্রমিক পরিবহনের ব্যবসা হস্তগত করতে তৎপর হয়।

এ ব্যাপারে ভালুকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করেন সংশ্লিষ্টরা। আবেদনপত্রটি বিভিন্ন শিল্প কারখানায় পাঠানো হয়।

আর সেই আবেদনে সুপারিশ করেন বিএনপি নেতা ফখরুদ্দিন বাচ্চু। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হয়।বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে অবহিত হন। এরপরই দলের পক্ষ থেকে বাচ্চুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য