চলমান নৈরাজ্য বন্ধের আহ্বান শাবিপ্রবির নিপীড়ন বিরোধী শিক্ষকদের

সিলেটের সময় ডেস্ক :

 

সরকার পতনের পর থেকে দেশে চলমান নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিপীড়ন বিরোধী শিক্ষকরা।

বুধবার (৭ আগস্ট) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের সংগঠক অধ্যাপক ড. মো সাজেদুল করিম।

বিবৃতিতে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের যোগ্যতা, মেধা ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সফল গণআন্দোলনের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন করেছে। এই অর্জনকে বিফল করতে গত দুইদিন ধরে কুৎসিত কুচক্রের লুটতরাজ, আগুন সন্ত্রাস, গুপ্ত হত্যা চলছে দেশ জুড়ে। আমরা এ ধরণের অপশক্তির প্রতি ধিক্কার জানাচ্ছি।

বিবৃতিতে পাঁচ আহ্বান জানিয়ে বলা হয়, আমরা দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানাই দেশবাসী, সকল রাজনৈতিক নেতাকর্মী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জোটবদ্ধ ভাবে দাঁড়ান, পাড়ায় পাড়ায় জাতীয় সম্পদ, মন্দির, গির্জা রক্ষা করুন, লুট, আগুন সন্ত্রাস রুখে দিন, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাপ্রধান ব্যবস্থা বাস্তবায়নে জনগণ সহযোগিতা করুন, পেশাজীবী, সুশীল সমাজ ও অভিভাবকগণ উপদেশ, পরামর্শ প্রচার করুন, আহবান জানান দেশবাসীকে এবং শক্তিশালী করুন ছাত্র নেতৃবৃন্দকে, দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন

এতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, যা আমরা লিখিত ভাবে আগামীতে জাতির সামনে তুলে ধরব। তবে আমাদের প্রথম দাবি হলো, চলমান প্রতিহিংসা মূলক অনাকাঙ্ক্ষিত সংঘাত, ভাংচুর, সম্পদে আগুন, গুপ্ত হত্যা খুন বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷ আমাদের সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অতুলনীয় গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা সমুন্নত করে রাখতেই হবে। সোনার দেশের সার্বিক শান্তি ও সম্প্রীতি কামনা করছি।

 

এ বিভাগের অন্যান্য