জীবন্ত রাসেলস ভাইপার ধরায় পুরস্কার দিল আওয়ামী লীগ

সিলেটের সময় ডেস্ক :

 

ফরিদপুরে জীবন্ত রাসেলস ভাইপার ধরে বনবিভাগে জমা দেওয়ার পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়। মঙ্গলবার (২৫ জুন) দুপুরের দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তাদের হাতে পুরস্কারের অর্থের চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার রেজাউল করিম, আজাদ শেখ ও শাহজাহান খান।

গত ২০ জুন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি সভায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনা শুরু হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ রাসেলস ভাইপার সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

পরে তা প্রেস বিজ্ঞপ্তি আকারে দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়।

তবে পরদিনই বিজ্ঞপ্তিতে সংশোধনী আনে জেলা আওয়ামী লীগ। সংশোধনী ঘোষণায় বলা হয়, কেউ যদি রাসেলস ভাইপার সাপ জীবিত ধরতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

২২ জুন ফরিদপুর প্রেসক্লাবের সামনে রেজাউল করিম নামের এক কৃষক জীবন্ত একটি সাপ নিয়ে আসেন।

রেজাউলসহ তিন ব্যক্তি তিনটি সাপ ফরিদপুর বন বিভাগে জমা দেন।

একে একে সাপ জমা পরায় পরদিন (২৩ জুন) পুরস্কারের ঘোষণা বাতিল করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। তবে ঘোষণা বাতিলের আগে তিনজন রাসেলস ভাইপার জমা দেওয়ায় তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী পুরস্কৃত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।

পুরস্কার পাওয়া আজাদ শেখ বলেন, আমি জেলা আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারে ৫০ হাজার টাকা পেয়েছি। ধন্যবাদ আওয়ামী লীগকে যে, তাদের ঘোষণা অনুযায়ী নেতাদের কথা ঠিক রেখেছেন।

নিয়াজ জামান সজীব বলেন, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই তিন ব্যক্তিকে তাদের হাতে পুরস্কারের টাকার চেক তুলে দেওয়া হয়েছে। পুরস্কারের ঘোষণা প্রত্যহার করার আগেই এই তিনজন সাপ বনবিভাগে জমা দিয়েছিল। তাই তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার চেক প্রদান করেছেন দলের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ।

এ বিভাগের অন্যান্য