হজের খুতবা শুরু যখন, শোনা যাবে বাংলাসহ ২০ ভাষায়
আজ আরাফাতের ময়দানে অবস্থান করছেন লাখ লাখ হাজি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর থাকবে পাহাড়েঘেরা এ প্রান্তর। এখানকার জাবালে রহমতে দাঁড়িয়ে প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
স্থানীয় সময় আজ শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১২টা এবং বাংলাদেশ সময় সাড়ে ৩টার দিকে হজের খুতবা শুরু হবে।
এদিকে কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন ভাষায় এ খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। টানা পঞ্চম বারের মতো এবারও বাংলায় তা শোনা যাবে।
হজের খুতবা শুনতে যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (https://manaratalharamain.gov.sa/home) ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করতে হবে। তা ছাড়া মানারাতুল হারামাইন অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে খুতবাটি শোনা যাবে।
এ বছর বিশ্বের ৩০ কোটির বেশি মানুষ লাইভ সম্প্রচারিত খুতবাটি শুনবে বলে আশা করা হচ্ছে। তাই আরবি ছাড়াও ২০টির বেশি ভাষায় এর সরাসরি অনুবাদ সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়। ভাষাগুলো হলো- ইংরেজি, ফ্রেঞ্চ, চাইনিজ, উর্দু, ফার্সি, মালয়, তার্কিশ, হাউসা, রুশ, বাংলা, সোয়াহিলি, স্প্যানিশ, পর্তুগিজ, আমহারিক, জার্মান, সুইডিশ, ইতালীয়, মালায়ালাম, বসনিয়ান ও ফিলিপিনো।
