সম্পত্তির লোভে মাকে খুন, ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ার মিরপুরে সম্পত্তির লোভে মা মমতাজ বেগমকে (৫৪) হত্যা মামলায় তার ছেলে মুন্নাসহ (৩৫) তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৫ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্না কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহচর গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২১ জানুয়ারি মমতাজ বেগম তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ২১ জানুয়ারি দুপুরে গলায় রশি পেঁচিয়ে মমতাজ বেগমকে ছেলে মুন্না তার বন্ধু রাব্বি ও চাচা আব্দুল কাদের হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেয়। মাকে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে ২৫ জানুয়ারি অপহরণের জিডি করেছিলেন মুন্না।
পুলিশ জানায়, ছেলে মুন্না জুয়া খেলতেন এবং মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, সম্পত্তির লোভে মাকে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ছেলে মুন্না সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ফাঁসির রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
