দরজা ভেঙে সাবেক নারী কাউন্সিলরের গাড়িচালকের লাশ উদ্ধার
সিলেটের সময় ডেস্ক :
মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের ব্যক্তিগত গাড়িচালকের লাশ দরজা ভেঙে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। গাড়িচালকের নাম জগলু মিয়া (২৫)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বশিজোঁড়া গ্রামের মো. মোছাব্বির মিয়ার ছেলে।
বুধবার (৫ জুন) সকালে মৌলভীবাজার পৌরশহরের সৈয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন- সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়ির চালক জগলু বাসার তিন তলার জেনারেটারের পাশে রুমে থাকতেন। আজ (বুধবার) সকালে তাকে অনেক ডাকাডাকি করারও পরও কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ভিতর থেকে জগলুর মৃতদেহ উদ্ধার করেন। এটি হত্যা না আত্নহত্যা তদন্ত করা হচ্ছে।
