রাষ্ট্রকে মাংসের টুকরার মতো ছিন্নভিন্ন করা হচ্ছে : শহীদ উদ্দিন
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, শুধু একটি দলের ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্রকে মাংসের টুকরার মতো ছিন্নভিন্ন করা হচ্ছে। রাষ্ট্রের এই অধঃপতন ৩০ লক্ষ মানুষের আত্মদানকে ন্যায্যতা দেয় না।
আজ শুক্রবার (৩১ মে) উন্নয়নের নামে ‘লুণ্ঠন’ এবং ‘দুঃশাসনের’ বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির বিক্ষোভ সমাবেশে সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সরকার দুর্নীতি ও লুণ্ঠনের পরিবেশ ও ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে, আর তার বিনিময়ে প্রজাতন্ত্রের কিছু কর্মচারী অবৈধ, নিষ্ঠুর ও নির্দয় প্রকৃতির স্বৈরশাসনকে সমর্থন দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ‘দলীয় ও কায়েমি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে সরকার রাষ্ট্রকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। সম্ভাব্য অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং দুঃশাসনের জাঁতাকলে দেশের জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে যারা ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তুলছে সেই ভয়ংকর অপরাধীদের দ্রুত বিচারে সোপর্দ করুন।
জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। আরো বক্তব্য প্রদান করেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, মোশারফ হোসেন, মোশারফ হোসেন মন্টু, আব্দুল মান্নান মুন্সী, কামরুল আহসান অপু, আজম খান, আবুল কালাম, মো. শাহাবুদ্দিন, ফারজানা দিবা, ছাত্রলীগ নেতা মোসলেহ উদ্দিন বিজয়, নাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান মনির।
