স্ত্রীর প্রাণ গেল সড়কে, হাসপাতালে পুলিশ কর্মকর্তা

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হাসানের স্ত্রী হাফিজা আক্তার তানিয়া (৩০)। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রবিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের যাদুরচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়ার স্বামী আরিফ হাসান ধানমন্ডি থানায় এসআই হিসেবে কর্মরত।

পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা ফিরছিলেন এসআই আরিফ হাসান। ঘটনাস্থলে পৌঁছালে একটি গাড়ি পেছন থেকেমোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এই দম্পতিকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তানিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

আহত আরিফের বরাত দিয়ে তার ছোট ভাই মো. তারেক হোসেন জানান, স্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে আরিফের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তারা সড়কে ছিটকে পড়েন। প্রাইভেটকারটি তানিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তানিয়া মারা যান। বর্তমানে আরিফ চিকিৎসাধীন আছেন।

সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় এসআই আরিফ হাসানের স্ত্রী তানিয়া মারা গেছেন। আহত পুলিশ কর্মকর্তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে। তিনি ঢাকায় থাকতেন। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য