ভোট কেনার সময় সাবেক চেয়ারম্যানকে পেটালেন চা শ্রমিকরা

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কিনতে গিয়ে গণপিটুনি খেয়েছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছালেক মিয়া।

গতকাল রবিবার (১৯ মে) সন্ধ্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানের হাইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছালেক মিয়া মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং তিনি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী র‌ওনক আহমদ অপুর সমর্থক।

জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী র‌ওনক আহমদ অপুর সমর্থনে কাজ করছেন মুন্সি বাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া।

প্রচারণার শেষ দিন রবিবার ছালেক মিয়া ও তার ভাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে নিয়ে প্রাইভেট কারে করে চা বাগান এলাকায় যান। ওই সময় রওনক আহমদ অপুর পক্ষে টাকা বিলি করলে চা শ্রমিকরা বাধা দেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা তাদের গণপিটুনি দেয়। পরে ছালেক মিয়া পালিয়ে চা শ্রমিক ফটিক কুর্মির বাড়িতে আশ্রয় নেন।
প্রায় ২ ঘণ্টা তাকে অবরুদ্ধ করে চা শ্রমিকরা। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। 

ফটিক কুর্মি বলেন, শুনেছি চেয়ারম্যান ছালেক বাগানে টাকা বিতরণ করে ভোট কিনছিলেন। শ্রমিকরা তাকে পেটায়।

পরে ধাওয়া করলে সে আমার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। 

চা শ্রমিক নিয়তি রিকমন বলেন, ছালেক মিয়া আমাদের ৫০০ টাকা দিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে বলেন। এতে আমরা রাজি হ‌ইনি। তাই তাকে মানুষ মেরেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।

আহত সাবেক চেয়ারম্যানকে উদ্ধার করে নিয়ে আসি।
এ বিভাগের অন্যান্য