‘বন্দুকের নলের নিচে প্রতিটি দিন ছিল কষ্টের, ভাবিনি বেঁচে ফিরব’
যখন আমাদের জিম্মি করে, তখন অনেক অত্যাচার করত। এরপর আমরা যখন নামাজ-রোজা পালন করি, সেগুলো দেখে অত্যাচর কিছুটা কমে আসে। কখনো ভাবিনি বেঁচে ফিরব। বন্দুকের নলের নিচে আমাদের ৩৩ দিন থাকতে হয়েছে।
অশ্রুসিক্ত নয়নে কথাগুলো বলছিলেন সোমালি জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক জয় মাহমুদ। বুধবার সকালে জয় মাহমুদ তার গ্রামের বাড়িতে যান।
জয় মাহমুদ আরো বলেন, আমাদের যখন জিম্মি করা হয়, তখন ভাবিনি বেঁচে ফিরব।
জয়ের বাবা জিয়াউর রহমান বলেন, আমার ছেলে আজ সকালে বাড়ি ফিরেছে। আমরা খুব আনন্দিত। আমরা প্রধানমন্ত্রী, দেশবাসী, জাহাজ কর্তৃপক্ষ ও মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জয়ের বৃদ্ধ দাদি বলেন, ‘আমার নাতি বাড়ি ফিরে আসছে, তাই আমার মনে শান্তি পাচ্ছি। কত যে কান্দিচি, তা বলে বুঝানো যাবে না।’
জয়ের সহপাঠীরা বলেন, জয় সুস্থভাবে বাড়ি ফিরে আসায় আমরা খুবই আনন্দিত।
এর আগে গত ১২ মার্চ সোমালিয়ান জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিক। এর মধ্যে জয় মাহমুদ একজন। গতকাল নাবিকরা তাদের পরিবারের কাছে ফিরে যান।
