ভারতে তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু, আহমেদাবাদে ভোট দিলেন মোদি
ভারতের সাত দফার লোকসভা নির্বাচন পর্বের আজ তৃতীয় দফায় ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভারতের মোট ১১ রাজ্যের ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর সেনা।
আজ মঙ্গলবার যে ৯৩ কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে বিজেপি খুবই শক্তিশালী। গতবার এই ৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭২টি।
ভোট শান্তিতে হলেও পশ্চিমবঙ্গের ভোট সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। মুর্শিদাবাদে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।
এদিকে তৃতীয় দফায় ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সকাল ৭টা ৩০ মিনিটের একটু পরই ভোট কেন্দ্রে পৌঁছন তিনি। গুজরাটের আমদাবাদের রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সেখানে স্বাগত জানান।
মোদিকে এক ঝলক দেখতে জড়ো হয়েছিলেন বহু অনুরাগী। অনেকে ‘মোদি মোদি ’ বলে স্লোগান দিতে থাকেন ভোটকেন্দ্রে। ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে ভোটের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। তিনি আরো বলেন, ‘আমি গুজরাটের ভোটার। এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন…।’
আমদাবাদে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি দেশের ভোটারদের কাছে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর আগামী ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা।
সূত্র: সংবাদ প্রতিদিন, আনন্দবাজার
